ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বিরতির পর আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট, তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।

সাড়ে ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আবহ। ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের জন্য ৮১০টি বুথে ভোটের ব্যবস্থা করা হয়েছে। এবার ২৮টি পদে ৪৭১ জন এবং হল সংসদের ২৩৪টি পদে ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটের সুযোগ রাখা হয়েছে।

জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। গণরুম সংস্কৃতি ও বাধ্যতামূলক রাজনৈতিক কর্মসূচি বন্ধ হওয়ায় ছাত্ররাজনীতিতে এসেছে ইতিবাচক পরিবর্তন। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ, বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষার্থীরা।