সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সারাদেশে বর্তমানে ১৩,৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই শূন্যতা পূরণে আগামী নভেম্বর মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান।

সোমবার (২৭ অক্টোবর) বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “শিক্ষক নিয়োগ বিধিমালা হাতে পেলেই আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করব। আশা করছি নভেম্বরেই তা সম্ভব হবে।”

তিনি আরও জানান, প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পে কমিশনেও এ বিষয়ে আলোচনা হয়েছে।

বর্তমানে প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি মামলার কারণে তারা পদোন্নতি পাচ্ছেন না। মহাপরিচালক আশা প্রকাশ করেন, “মামলার রায় দ্রুত হলে প্রধান শিক্ষকের পদ পূরণ করা যাবে, ফলে সহকারী শিক্ষকের আরও ৩২ হাজার পদ শূন্য হবে এবং নতুন নিয়োগ দেওয়া যাবে।”

প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। “প্রধান শিক্ষকদের ক্ষমতা বাড়ানো হয়েছে—আগে তারা দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন, এখন তা তিন লাখে উন্নীত করা হয়েছে। তবে বিল প্রদানে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক থাকবে।”

তিনি আরও বলেন, “সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোর নির্মাণ ও সংস্কারকাজে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে দেশে জরাজীর্ণ কোনো স্কুল থাকবে না বলে আমরা বিশ্বাস করি।”

—