জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল; বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।
ট্রাইব্যুনাল একইসঙ্গে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাকে ১০ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। তবে তিনি ইতোমধ্যে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বুধবার রাতে নিশ্চিত করেন, দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমানে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলক বিভিন্ন মামলায় কারাগারে থাকলেও সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করছেন।

মন্তব্য করুন