আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যে ১ লাখ ৯৪ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এই হালনাগাদ তথ্য পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীদের ভোটদানের সুযোগ তৈরি হওয়ায় বিপুল সাড়া মিলেছে।
ইসি’র তথ্য অনুযায়ী, শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১ লাখ ৯৪ হাজার ২০ জন প্রবাসী তাদের নাম নিবন্ধন করেছেন। মোট ৫০ লাখ প্রবাসী ভোটারকে এই প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আগ্রহী প্রবাসীদের সুবিধার জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
প্রবাসী ছাড়াও আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তারাও এই ‘পোস্টাল ভোট বিডি’ ব্যবস্থার মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের জন্য ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি)’ প্রক্রিয়াও চালু করা হবে।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের দেওয়া ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পেপার পাঠানো হবে। ভোটার সেই ব্যালটে ভোট দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন।
তবে কমিশন প্রবাসীদের প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছে। তাদের মতে, বিদেশে ব্যালট পেপার প্রাপ্তি নিশ্চিত করতে প্রবাসীদের অবশ্যই তাদের অবস্থানকালীন দেশের সঠিক ঠিকানা দিতে হবে। অন্যথায় তাদের কাছে ব্যালট পাঠানো সম্ভব হবে না।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি দেশে এই নিবন্ধন প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে।

মন্তব্য করুন