জুলাই আন্দোলনের নাম ব্যবহার করে ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত মুখ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) প্রাপ্ত তথ্যানুযায়ী, বুধবার দিবাগত গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অবস্থিত সুরভীর নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই তরুণী একটি শক্তিশালী প্রতারক চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। চক্রটি মূলত বিত্তবানদের টার্গেট করে অর্থ আদায় করত।

সম্প্রতি গুলশানের একজন নামী ব্যবসায়ীকে জুলাই-আগস্ট আন্দোলনের হত্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চক্রটি প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, এই সংঘবদ্ধ চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে এবং মামলার হুমকি দিয়ে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত জুলাই ও আগস্ট মাসে গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত বিভিন্ন সহিংসতা ও হত্যা মামলায় নাম অন্তর্ভুক্ত করার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন সুরভী।

গ্রেপ্তারকৃত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার ও বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে তিনি আগে থেকেই বেশ আলোচিত।

অভিযোগ রয়েছে, সুরভী তার ভাইরাল পরিচিতি ব্যবহার করে প্রভাবশালী মহলের সঙ্গে সখ্য গড়ে তুলতেন এবং পরবর্তীতে সেই প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন।

পুলিশ জানিয়েছে, সুরভীকে জিজ্ঞাসাবাদ করে এই সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় চাঁদাবাজি ও প্রতারণার মামলার প্রক্রিয়া চলছে।