প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনে দলের মনোনীত বিকল্প প্রার্থীরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “খালেদা জিয়ার ৩টি আসনে আমাদের শক্তিশালী বিকল্প প্রার্থী রয়েছেন। আইনি নিয়ম অনুযায়ী, যেহেতু বেগম জিয়ার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগেই তিনি ইন্তেকাল করেছেন, তাই তার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই অবস্থায় বিকল্প প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলে তারাই হবেন ওই আসনগুলোতে বিএনপির চূড়ান্ত প্রার্থী।”

খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত বা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেন তিনি। সালাহউদ্দিন জানান, প্রতীক বরাদ্দের পর কোনো প্রার্থীর মৃত্যু হলে আইনি জটিলতা তৈরি হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ নেই। উল্লেখ্য, খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। শোকাতুর অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোবল প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে এবং শোককে শক্তিতে রূপান্তর করেই তিনি দলকে এগিয়ে নেবেন।”