পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)। এর মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে যুক্ত হওয়া নতুন অবৈধ বা অননুমোদিত হ্যান্ডসেটগুলো শনাক্ত ও বন্ধের প্রক্রিয়া শুরু হলো। তবে বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা কোনো হ্যান্ডসেট এখনই বন্ধ হচ্ছে না বলে আশ্বস্ত করেছেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

বিটিআরসি জানিয়েছে, ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা গতকাল বুধবার শেষ হয়েছে। প্রবাসী বা বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নিয়ম শিথিল রাখা হয়েছে। তারা ব্যবহৃত ফোনের পাশাপাশি দুটি নতুন হ্যান্ডসেট সঙ্গে আনতে পারবেন এবং নিবন্ধনের জন্য তিন মাস সময় পাবেন। এনইআইআর মূলত আইএমইআই ও সিম নম্বরের সামঞ্জস্য যাচাই করবে, যা মোবাইল চুরি রোধ ও বাজারে শৃঙ্খলা ফেরাতে সাহায্য করবে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর অবৈধ হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে এই কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করার কথা উঠেছিল। তবে বিটিআরসির মতে, অফিশিয়াল কোনো স্থগিতাদেশ না আসায় আজ থেকেই এটি কার্যকর হচ্ছে। এই প্রক্রিয়াটি ব্যক্তিগত কল রেকর্ড বা ইন্টারনেট কার্যক্রম পর্যবেক্ষণ করবে না বলেও নিশ্চিত করেছে কমিশন।