ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে একদল বিক্ষোভকারী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির প্রধান কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কয়েকশ মোবাইল ব্যবসায়ী বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা ভবন লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করলে প্রধান কার্যালয়ের বিভিন্ন অংশের কাচ ভেঙে যায়। এ সময় ভবনের ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার সময় বিটিআরসি মসজিদের কাচ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। তখন ভেতরে কর্মকর্তা-কর্মচারীরা আসরের নামাজ পড়ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। অফিসের সময় শেষ হলেও নিরাপত্তার কারণে দীর্ঘক্ষণ কোনো কর্মকর্তা ভবন থেকে বের হতে পারেননি।
বিটিআরসি সূত্র জানিয়েছে, ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এনইআইআর সিস্টেমের মাধ্যমে দেশের নেটওয়ার্কে যুক্ত হওয়া সব অবৈধ হ্যান্ডসেট বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে ব্যবসায়ীদের স্টকে থাকা ফোনের তথ্য জমা দেওয়ার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পরদিনই এই বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটল।



মন্তব্য করুন