দিনাজপুরের খানসামা উপজেলায় সদ্য সমাপ্ত ২০২৫ সালে বিভিন্ন দুর্ঘটনায় ও অস্বাভাবিক কারণে ৩০ জনের মৃত্যু হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থানা রেকর্ডভুক্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে। পরিসংখ্যানে দেখা গেছে, অপমৃত্যুর তালিকায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পানিতে ডুবে এবং ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায়।

খানসামা থানার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১১ জন পানিতে ডুবে মারা গেছেন, যাদের অধিকাংশই শিশু। এছাড়া ফাঁস দিয়ে ৯ জন, বিষপানে ৪ জন এবং বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য কারণের মধ্যে রয়েছে আগুনে পোড়া, দেয়াল ধস ও যান্ত্রিক দুর্ঘটনা। এই তালিকায় একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিও রয়েছেন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ফাঁস দিয়ে আত্মহননকারীদের বড় অংশই বিবাহিত নারী। পারিবারিক কলহ ও দাম্পত্য অশান্তির জের ধরে তারা এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, বিষপানে মৃত্যুর ঘটনায় কিশোর-কিশোরীদের আধিক্য দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের সহজলভ্যতা এই ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, মানসিক বিষণ্নতা ও পারিবারিক নির্যাতন রোধে সামাজিক ও মানসিক সহায়তা নিশ্চিত করা জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার এবং খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার উভয়েই জানিয়েছেন, বিগত বছরের তুলনায় অপমৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। তবে শিশুদের প্রতি অভিভাবকদের বিশেষ নজরদারি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই হার শূন্যে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা।