আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বার্ষিক আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা। পেশায় ব্যবসায়ী এ্যানির বিরুদ্ধে বর্তমানে ৬০টি মামলা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ্যানি চৌধুরী এসএস কোম্পানি ও রি রয়েল প্রোপার্টিজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং পরিচালক। তার আয়ের প্রধান উৎস ব্যবসা ও স্থাবর সম্পত্তি। অন্যদিকে তার স্ত্রীর বার্ষিক আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা এবং তার নামে ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার টাকার সম্পদ রয়েছে।
এ্যানির অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংক হিসেবে জমা রয়েছে বড় অংকের টাকা। এর মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের একটি ব্যবসায়িক হিসাবেই আছে ৩ কোটি ৬১ লাখ টাকা। এছাড়া তার ৬১ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার গাড়ি এবং ১২০ তোলা স্বর্ণ রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে বনানী ও তেজগাঁওয়ে জমি এবং লক্ষ্মীপুরে পৈতৃক সম্পত্তি ছাড়াও একটি গোডাউন রয়েছে।
মামলার বিবরণীতে এ্যানি উল্লেখ করেছেন, তার নামে থাকা ৬০টি মামলার মধ্যে বেশ কয়েকটিতে তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন, কিছু মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। তবে অজ্ঞাতনামা আসামি হিসেবে আরও মামলায় তার নাম থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
দায়-দেনার হিসেবে এ্যানির ব্যক্তিগত ঋণ ৩০ লাখ টাকা এবং বিভিন্ন ব্যাংকে ক্রেডিট কার্ডের বকেয়া রয়েছে। তার স্ত্রীর নামেও প্রায় ২ কোটি টাকার ব্যবসায়িক ঋণ রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।



মন্তব্য করুন