রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম নাঈম কিবরিয়া (৩৫)। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগার জেরে এই ঘটনা ঘটে। নাঈম পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।

ভাটারা থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাত ১০টার দিকে নাঈম তার এক বন্ধুর প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ১০ নম্বর রোডে একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোটরসাইকেল আরোহী ও একদল যুবক নাঈমকে গাড়ি থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেন, নাঈম ‘মব সন্ত্রাসের’ শিকার হয়েছেন। তিনি আরও জানান, পাবনায় নাঈমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলা ছিল। ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতেই ১০ দিন আগে তিনি ঢাকা এসেছিলেন। নাঈমের মা আইরিন কিবরিয়া আওয়ামী লীগ সরকারের সময় পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এটি নিছক সড়ক দুর্ঘটনার জেরে মৃত্যু নাকি পূর্বপরিকল্পিত কোনো হামলা, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।