বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) এই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান এবং অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন অংশ নেন। এ সময় প্রিয় নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাতের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরিবারের সদস্যদের মধ্যে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথিসহ অন্যান্য নারী সদস্যরা মসজিদের নির্ধারিত পৃথক স্থান থেকে দোয়া ও মোনাজাতে শরিক হন।

উল্লেখ্য, টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হয়। শোক কাটিয়ে উঠতে এবং মরহুমার বিদেহী আত্মার প্রশান্তিতে দেশব্যাপী এই দোয়ার আয়োজন করা হয়। মাহফিলে ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমবেত হন।