রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফইসি) শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মাসব্যাপী এই মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে এ বছরের ‘বর্ষ পণ্য’ হিসেবে ‘পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস’-এর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান।
এবারের মেলায় বাংলাদেশসহ ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়াসহ ১১টি দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলা প্রাঙ্গণে মোট ৩২৪টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় এবারের মেলায় পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
দর্শনার্থীদের জন্য মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে বড়দের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। তবে বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।
দেশীয় পণ্যের প্রচার ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে নিয়মিত এই মেলার আয়োজন করে আসছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।



মন্তব্য করুন