সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক দোয়া মাহফিলে তিনি এই দাবি করেন।

রিজভী বলেন, কারাবন্দী অবস্থায় বেগম জিয়ার জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অংশ হিসেবে তাকে নূন্যতম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রাখা হয়েছিল।

বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের ওপর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই নজরদারি চালাত। ওই চিকিৎসকদের নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করা হতো বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করলেও বেগম জিয়ার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তা সফল হয়নি।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।