থানায় ঢুকে পুলিশ কর্মকর্তাদের হুমকি এবং বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া ও পুলিশ সদস্যকে হত্যার দম্ভোক্তি করার অভিযোগে মাহাদী হাসান নামের এক ছাত্রনেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। মাহাদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, শায়েস্তাগঞ্জ থানা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহাদী। এ সময় তিনি থানার ভেতরে বসেই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করেন।

ছড়িয়ে পড়া ৪৬ সেকেন্ডের ভিডিওতে মাহাদীকে বলতে শোনা যায়, “আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করেছি। আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আবার আমাদের সাথে বার্গেনিং করতেছেন?”

ভিডিওর একপর্যায়ে তিনি চরম উত্তেজনাপূর্ণ বক্তব্যে বলেন, “বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।” তার এই দম্ভোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা, পুলিশকে হুমকি এবং জুলাই অভ্যুত্থানের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডের উসকানি দেওয়ার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।