রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সব ধরনের রাজনৈতিক ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এবং সচিবালয় সংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সোমবার (৫ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো:
১. বাংলাদেশ সচিবালয় ও তৎসংলগ্ন এলাকা
২. প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা
৩. হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
৪. কাকরাইল মসজিদ ক্রসিং
৫. অফিসার্স ক্লাব ও মিন্টু রোড ক্রসিং

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, উল্লেখিত সীমানার মধ্যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, গণজমায়েত বা অবস্থান ধর্মঘট পালন করা যাবে না। রাজধানীর প্রশাসনিক কেন্দ্রবিন্দু ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করতেই এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।