শরীফ ওসমান হাদি হত্যা মামলার বিচারপ্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০৫ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলার তদন্ত দ্রুত এগোচ্ছে এবং শিগগিরই অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে। এই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দিয়ে উপদেষ্টা জানান, দেশজুড়ে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা নাশকতায় জড়াবে, তাদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো রোধে বিশেষ আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি আরও জানান, অপরাধবিরোধী অভিযান ‘ডেভিল হান্ট-২’ এর আওতায় এখন পর্যন্ত সারাদেশে ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের এজেন্টরা যেন কোনো দলের ভেতরে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।



মন্তব্য করুন