ব্ল্যাকমেল ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী ১০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন। কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

সুরভীর আইনজীবীরা জানান, সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন। তবে বিকেলে রিমান্ড আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে রিমান্ড বাতিল করে তার চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আদালতে সুরভীর আইনজীবীরা দাবি করেন, এজাহারে তার বয়স ২১ বছর উল্লেখ করা হলেও বাস্তবে তিনি অপ্রাপ্তবয়স্ক (১৭ বছর)। জন্মসনদ অনুযায়ী তিনি শিশু হওয়া সত্ত্বেও শিশু আইন লঙ্ঘন করে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গীর নিজ বাসা থেকে এক ব্যবসায়ীর চাঁদাবাজি মামলায় সুরভীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তার গ্রেপ্তারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের দাবি, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলেন।