রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী নাঈম কিবরিয়া ক্যানি (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি মো. জোবায়ের হোসেন পাপ্পু (২৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তিনি স্বীকার করেন যে, নাঈমকে দুই দফায় সংঘবদ্ধভাবে মারধর করা হয়েছিল।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে নাঈমের প্রাইভেটকারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তবে তদন্তে উঠে এসেছে, এটি সাধারণ কোনো বাকবিতণ্ডা ছিল না। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, পাপ্পুসহ কয়েকজন মোটরসাইকেল আরোহী আই ব্লকের ১৫ নম্বর রোড থেকে নাঈমের গাড়ি ধাওয়া করেন। ৭ নম্বর রোডের মুখে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে তাকে প্রথম দফায় পেটানো হয়। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে ১৫ নম্বর রোডে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় আবারও মারধর করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, র্যা ব-১ এর সহায়তায় ৪ জানুয়ারি বারিধারা থেকে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে অন্য কোনো মোটিভ না পাওয়া গেলেও নিহতের পরিবার এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করছে।
নিহতের খালাতো ভাই রাকিবুল ইসলাম শামীম জানান, ঘটনার কয়েকদিন আগে পাবনায় নাঈমের পৈত্রিক বাড়িতে অজ্ঞাত কয়েকজন যুবক গিয়ে তাকে হত্যার হুমকি দিয়েছিল। পরিবারের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত আরও সাত-আটজনকে শনাক্ত করেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।



মন্তব্য করুন