আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল বিভাগে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, নির্বাচনি পরিবেশ স্থিতিশীল রাখতে দ্রুতই বিভাগজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হবে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

ডিআইজি স্পষ্ট করে বলেন, “সন্ত্রাসী কিংবা অস্ত্রধারী—পরিচয় যাই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত। সাধারণ ভোটারদের আশ্বস্ত করছি, দিনের ভোট দিনেই হবে, রাতে হওয়ার কোনো সুযোগ নেই।”

বিশেষ করে উজিরপুর, বাবুগঞ্জ ও বানারীপাড়ার মতো এলাকাগুলোতে এক সময়কার সক্রিয় ‘সর্বহারা’ গোষ্ঠীর ফেলে যাওয়া বা লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারে ‘ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করা হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা দেওয়া পুলিশের প্রধান ব্রত।

উল্লেখ্য, সম্প্রতি বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বরিশাল-৫ আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী এলাকায় অস্ত্রধারীদের আনাগোনা ও বোমা তৈরির অভিযোগ তুলেছিলেন। সেসব অভিযোগ আমলে নিয়েই এই সাঁড়াশি অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও সব প্রার্থীকে সমানভাবে সচেতন থাকার আহ্বান জানান রেঞ্জ ডিআইজি।