জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক আইডি অকার্যকর (ডিজেবল) হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে এসে তিনি আইডি হারানোর বিষয়টি নিশ্চিত করেন এবং এর পেছনে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেন।

হাসনাত আব্দুল্লাহর দাবি, তার ভারতবিরোধী অবস্থানের কারণেই এই আইনি ও কারিগরি জটিলতা তৈরি করা হয়েছে। তিনি লাইভে বলেন, “আমার ব্যক্তিগত প্রোফাইলটি কিছুদিন ধরে সচল নেই। মূলত ভারতবিরোধী বিভিন্ন কন্টেন্ট শেয়ার করার পর পরিকল্পিতভাবে কিছু কপিরাইট ক্লেইম (মেধাস্বত্ব অভিযোগ) করা হয়। এর মাধ্যমেই ফেসবুক আমার আইডিটি ডিজেবল করে দিয়েছে।”

ব্যক্তিগত প্রোফাইলটি হারিয়ে যাওয়ার ফলে গত কয়েক দিন অনুসারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এই তরুণ নেতা। তিনি জানান, আগে তার ভেরিফায়েড পেজটি অ্যাডমিন প্যানেল পরিচালনা করলেও এখন থেকে তিনি নিজেই সেখানে নিয়মিত সক্রিয় থাকবেন।

তথ্যগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সমর্থকদের প্রতি পেজটি শেয়ার করার অনুরোধ জানান হাসনাত। একইসঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে তার কণ্ঠরোধ করার এই প্রচেষ্টাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যা দেন।