ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ১৬টি অগ্রিম টিকিটসহ মো. মানিক মিয়া নামে এক ট্রেন স্টুয়ার্ডকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেন থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মানিক মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছালিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি রেলওয়ের বেসরকারি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ট্রেনে স্টুয়ার্ড হিসেবে কর্মরত ছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে এক রেলকর্মী বিপুল পরিমাণ টিকিট অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছেন। ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছালে রেলওয়ে থানা পুলিশ মানিক মিয়ার দেহ তল্লাশি করে ১৬টি টিকিট জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব টিকিট কালোবাজারির মাধ্যমে চড়া দামে বিক্রির পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রেলওয়ের অভ্যন্তরীণ কেউ এই চক্রের সাথে জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।