ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার নেপথ্যে সরাসরি নির্দেশদাতা ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমালোচনা করায় হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পলাতক ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। অভিযুক্তদের মধ্যে ১২ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবী এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ‘পল্লবীর জমিদার’ হিসেবে পরিচিতি পান যুবলীগ নেতা বাপ্পি। পরিবহনে চাঁদাবাজি, গার্মেন্টের ঝুট ব্যবসা, ডিশ ও ইন্টারনেট ব্যবসা এবং ফুটপাত থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে গত কয়েক বছরে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। ২০১২ সালে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দিয়ে শুরু করে বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
২০২০ সালের নির্বাচনী হলফনামায় বাপ্পির মালিকানায় মিরপুরে মাত্র ৭০০ বর্গফুটের একটি টিনশেড ঘর থাকলেও বর্তমানে সেখানে ‘চৌধুরী ভিলা’ নামে তিনতলা আলিশান ভবন দাঁড়িয়ে আছে। সে সময় কোনো গাড়ি না থাকলেও এখন তিনি হ্যারিয়ার জিপসহ চারটি বিলাসবহুল গাড়ির মালিক। এছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জে ৫০ বিঘা জমির ওপর তার রয়েছে বিশাল অটো ব্রিকফিল্ড। ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় বাপ্পির সম্পদের হিসাব তলব করেছিল দুদক, তবে সেই তদন্ত আর এগোয়নি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুই যুবক শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২০২১ সালে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দল থেকে বহিষ্কৃত হলেও পরে আবার পদ ফিরে পেয়েছিলেন বিতর্কিত এই কাউন্সিলর।



মন্তব্য করুন