চিহ্নিত সন্ত্রাসীদের কারামুক্ত রেখে দেশে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, বর্তমান নির্বাচন কমিশন ও সরকার এখনো ভোটের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি। ফলে ইসির ওপর এনসিপি সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না। বিশেষ করে প্রশাসনের একটি বড় অংশের মধ্যে নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে।

প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করে তিনি বলেন, “জনরায় প্রতিষ্ঠিত হওয়ার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। যদি আবারও কোনো পুরোনো ‘সেটেলমেন্ট’ বা আপসের পথে হাঁটা হয়, তবে ছাত্র-জনতা তা কঠোরভাবে রুখে দেবে।”

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় রিটার্নিং অফিসাররা বড় দলের পক্ষে কাজ করেছেন বলেও অভিযোগ তোলেন আসিফ মাহমুদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পক্ষপাতিত্ব বন্ধ না হলে এবং মাঠ পর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাবে।