ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা থেকে জানা গেছে, তিনি ২৮ ভরি স্বর্ণালঙ্কারের মালিক। তবে এই বিপুল পরিমাণ স্বর্ণ তিনি পৈতৃক সূত্রে বা ক্রয়সূত্রে নয়, বরং বিয়ের উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করেছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে জন্মগ্রহণ করা আতাউর রহমান সরকার শিক্ষাগত যোগ্যতায় স্নাতকোত্তর। পেশায় বর্তমানে তিনি একজন শিক্ষক। শিক্ষকতা থেকে তার বার্ষিক আয় ৩ লাখ ৪৬ হাজার ৬৬৭ টাকা এবং বাড়ি ভাড়া বাবদ পান ১ লাখ ৭০ হাজার টাকা। এর আগে তিনি সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।
ব্যক্তিগত সম্পদের বিবরণে তিনি জানিয়েছেন, পৈতৃক সূত্রে তার ৫১ শতাংশ কৃষি জমি রয়েছে এবং বর্তমানে তিনি একটি বাড়ি নির্মাণ করছেন। নির্বাচনী ব্যয়ের উৎস হিসেবে তিনি নিজের আয়ের চেয়ে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রাপ্ত ঋণ এবং স্বেচ্ছায় দেওয়া সাহায্যের ওপর বেশি নির্ভরশীল।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আতাউর রহমান সরকারসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত প্রার্থীর এই স্বর্ণালঙ্কারের তথ্য সম্বলিত হলফনামাটি স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।



মন্তব্য করুন