আগামী ২১ জানুয়ারি থেকে সারা দেশে পোস্টাল ব্যালট বিতরণ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জানান, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে দেশের অভ্যন্তরে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ২৪০ জন এবং প্রবাসী ভোটার সংখ্যা ৭ লাখ ৮২ হাজার ৫৪২ জন।
নির্বাচনী প্রস্তুতির আপডেট তুলে ধরে শফিকুল আলম বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। জানুয়ারির মধ্যেই পুলিশ, আনসার ও কোস্টগার্ডের প্রশিক্ষণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে। নির্বাচন মনিটরিংয়ের জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবহার এবং জেলা-উপজেলা পর্যায়ে বিশেষ মনিটরিং সেল থাকবে।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচন ও আসন্ন গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে প্রধান উপদেষ্টা ৫০০ জন বিশিষ্ট আলেমের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে শায়খ আহমাদুল্লাহ ও মিজানুর রহমান আজহারীসহ শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন। এখন থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে প্রতি সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং করা হবে।



মন্তব্য করুন