ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত আসন সমঝোতার ওপরই নির্ভর করছে জাতীয় পার্টির (জাপা) চূড়ান্ত অবস্থান। আন্দোলনের পর আওয়ামী লীগের সহযোগী হিসেবে চিহ্নিত হওয়ার চাপ মাথায় নিয়ে নির্বাচনে আসা দলটি এখন ৭০টি আসনে রাজনৈতিক বোঝাপড়া প্রত্যাশা করছে। তবে ভোটের মাঠে প্রধান শক্তি বিএনপি বা জামায়াতের সাথে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা না হওয়ায় দলটির এই ‘সমঝোতা তত্ত্ব’ কেবল প্রত্যাশার স্তরেই সীমাবদ্ধ রয়েছে।

জাপার নীতিনির্ধারণী পর্যায় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তার নিশ্চয়তা না মিললে যেকোনো সময় সরে দাঁড়ানোর পথ খোলা রাখা হচ্ছে। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মঙ্গলবার জানিয়েছেন, আপাতত এককভাবে এগোলেও শেষ সময়ে কৌশলগত সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তেমনটি হলে তারা অন্তত ৭০টি আসন দাবি করার প্রস্তুতি রেখেছেন।

তবে গত নির্বাচনের তুলনায় জাপার অভ্যন্তরীণ সাংগঠনিক দুর্বলতা এবার স্পষ্ট হয়ে উঠেছে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ২২৪ জনের তালিকা চূড়ান্ত করতে পেরেছে তারা। এর মধ্যে নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ২০ জনের বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে ২০১টি আসনে জাপার বৈধ প্রার্থী রয়েছে। গতবার ১ হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হলেও এবার সেই সংখ্যা মাত্র তিন শতাধিক।

দলের ভেতরেই প্রশ্ন উঠেছে, বিএনপি বা জামায়াত শেষ পর্যন্ত জাপার সাথে কোনো ধরনের ভাগাভাগিতে আগ্রহী হবে কি না। জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর তাগিদে জাপাকে সরকার বা ইসি উৎসাহিত করলেও বড় রাজনৈতিক দলগুলো তাদের জায়গা ছেড়ে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে এই রাজনৈতিক দরকষাকষির চূড়ান্ত রূপ পরিষ্কার হবে।