জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা প্রক্রিয়ায় সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে রয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত পর্যন্ত ঘোষিত ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩২টির ফলাফলে এই ব্যবধান স্পষ্ট হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩২ কেন্দ্র শেষে রিয়াজুল ইসলাম সংগ্রহ করেছেন ৩ হাজার ৮৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ৪২৩ ভোট। বর্তমানে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৪৬০।
ভিপি পদের পাশাপাশি সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন শিবিরের প্রার্থীরা। ৩৯টি কেন্দ্রের মধ্যে বাকি ৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৮ হাজার ৪৭৯ এবং পুরুষ ভোটারের সংখ্যা ৮ হাজার ১৭০ জন।
কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ১৯০ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যার মধ্যে একটি কেন্দ্র নির্ধারিত ছিল হল সংসদের জন্য।



মন্তব্য করুন