দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে নওগাঁর রাণীনগরে বিএনপির দুই নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) জেলা বিএনপির পক্ষ থেকে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
শাস্তির আওতায় আসা নেতারা হলেন— রাণীনগর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক পাভেল রহমান এবং পারইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কমিটির সদস্য মো. রফিক।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় আদেশে উল্লেখ করা হয়েছে, ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করা শৃঙ্খলা ভঙ্গের শামিল। এই কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদমর্যাদা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাভেল রহমান। তার দাবি, দলের ভেতরে থাকা দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদ করায় তাকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রার্থীর নৈতিক অবস্থান নিয়ে কথা বলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।



মন্তব্য করুন