ঘুসের ১ লাখ ২০ হাজার টাকাসহ যশোরের প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দুদক যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম শিক্ষা অফিসে অভিযান চালিয়ে আশরাফুল আলমের রুম থেকে তাকে আটক করেন। একইসাথে উদ্ধার করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানিয়েছেন, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকার জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের সাথে যোগাযোগ করেন। গত তিনমাস ধরে তিনি নানাভাবে তাকে ঘুরাচ্ছেন। একপর্যায়ে তার হাতে ঘুষের আশি হাজার টাকা তুলে দেওয়া হয়। এরপর আরো ঘুষ দাবি করলে তিনি টাকা দিতে অপরগাতা প্রকাশ করেন। কিন্তু টাকা না দিলে তার স্ত্রীর পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন। এছাড়া খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজসে তার স্ত্রীর বেসিকও কমিয়ে দেওয়া হয়। তার উপর নানাভাবে নির্যাতন করতে থাকেন প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। তিনি আরো জানান, বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ফাইল ছাড় করানোর জন্য ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা তার হাতে তুলে দেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে ঘুসের ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে হাতে নাতে আটক করেন।দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘুসের ১ লাখ ২০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে।



মন্তব্য করুন