ছয় দফা দাবিতে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ও বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’। বুধবার সন্ধ্যায় এক জরুরি নোটিশের মাধ্যমে দেশের সব পরিবেশক ও খুচরা বিক্রেতাকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
ব্যবসায়ী নেতাদের অভিযোগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফাভাবে এলপিজির মূল্য নির্ধারণ করছে। এছাড়া বাড়তি দামের অজুহাতে মাঠ পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ‘হয়রানিমূলক’ অভিযান ও জরিমানা বন্ধের দাবি জানিয়েছেন তারা। সমিতির সভাপতি সেলিম খান জানান, আজ বিকেল ৩টায় বিইআরসি-র সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে; সেখানে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো কোম্পানি থেকে গ্যাস উত্তোলন করা হবে না।
বর্তমানে দেশে প্রায় সাড়ে ৫ কোটি এলপিজি সিলিন্ডার থাকলেও মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডার রিফিল হচ্ছে বলে দাবি করেছে সমিতি। সরবরাহ ঘাটতির কারণে পরিবেশকদের খরচ বাড়লেও কমিশন বাড়ানো হচ্ছে না। তারা পরিবেশক কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৭৫ টাকা করার দাবি তুলেছেন।
এদিকে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দাবি করেছেন, দেশে এলপিজির কোনো প্রকৃত সংকট নেই। বাজারে চলমান পরিস্থিতিকে তিনি কতিপয় অসাধু চক্রের ‘কারসাজি’ হিসেবে অভিহিত করেছেন। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, পরিবেশকরা সরাসরি তাদের লাইসেন্সধারী না হওয়ায় আমদানিকারক ছাড়া অন্য কারো দাবি আমলযোগ্য নয়। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।



মন্তব্য করুন