ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডকে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমনের আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর একটি চক্র আবারও নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। মুসাব্বিরকে হত্যার ঘটনা সেই অপতৎপরতারই অংশ। মূলত বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনা ঘটানো হচ্ছে।” তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, ফ্যাসিস্টদের দোসররা ওত পেতে আছে; তাদের রুখতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকা জরুরি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য, বুধবার রাতে কারওয়ান বাজারের স্টার কাবাব সংলগ্ন গলিতে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং তার সঙ্গে থাকা শ্রমিক নেতা আবু সুফিয়ান মাসুদ আহত হন। এই ঘটনায় মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।



মন্তব্য করুন