হিমালয় পাদদেশের জেলা পঞ্চগড়ে জেঁকে বসা শীতের তীব্রতায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে জেলাজুড়ে শীতের প্রকোপ বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। কনকনে ঠান্ডার কারণে ভোরে কাজে বের হওয়া কঠিন হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ভোরে তাপমাত্রা রেকর্ড করার সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটারের মধ্যে ছিল। এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। কুয়াশা ও বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এবং আগামী কয়েক দিন এই আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।



মন্তব্য করুন