কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠায় লিফট বিকল হয়ে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বরসহ ১০ জন যাত্রী আটকা পড়েন। প্রায় এক ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টা শেষে ভবনের দেয়াল ভেঙে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে স্টেশন রোড এলাকার ‘হোটেল শেরাটন’ (খান টাওয়ার) ভবনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৩টার দিকে হোটেলের চারতলা থেকে নামার সময় মাত্র ৬ জন ধারণক্ষমতার লিফটে বর জোনায়েদ তারেকসহ মোট ১০ জন ওঠেন। অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে দ্রুত নিচে নেমে শেষ প্রান্তে গিয়ে আটকে যায়। এতে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান্ত্রিক উপায়ে লিফটটি ওপরে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিকল্প হিসেবে নিচতলার দেয়াল ভেঙে গর্ত তৈরি করে একে একে ১০ জনকে উদ্ধার করা হয়। বিকেল পৌনে ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার তারা কিশোরগঞ্জে এসে এই হোটেলে ওঠেন। শুক্রবার ঐতিহাসিক শহীদী মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুপুরের খাবারের জন্য বের হওয়ার সময় তারা এই দুর্ঘটনার শিকার হন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আমিনুর রহমান জানান, লিফটটি আধুনিক প্রযুক্তির হওয়ায় বড় দুর্ঘটনা ঘটেনি। তবে যান্ত্রিকভাবে খোলা সম্ভব না হওয়ায় দেয়াল ভাঙতে হয়েছে। হোটেলের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান জানান, যান্ত্রিক ত্রুটি নয় বরং ধারণক্ষমতার দ্বিগুণ মানুষ ওঠায় লিফটটি লক হয়ে গিয়েছিল।



মন্তব্য করুন