আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ আসনে ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেছেন, “শরীয়তপুরের মানুষের কল্যাণে আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করতে চাই।”
সোমবার (১৯ জানুয়ারি) শরীয়তপুর শহরের একটি রেস্তোরাঁয় ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা জালাল উদ্দিন বলেন, “শরীয়তপুর দীর্ঘদিন ধরে অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে এ জেলার মানুষের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি সততা, আমানতদারিতা ও জবাবদিহিতার মাধ্যমে শরীয়তপুরকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি ১০ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী ও সমমনা শক্তির ঐক্যই এই আসনে বিজয়ের প্রধান চাবিকাঠি।
শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. দবির হোসেন শেখের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা কে. এম. মকবুল হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, বাংলাদেশ ফরায়েজি আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান ফরাজী, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মজিবুর রহমান, এনসিপির শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব সবুজ তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত কাওসার এবং জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমানসহ ১০ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন