দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ৫২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চালবোঝাই ট্রাক প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর বাঁধন জানান, গত বছরের ৩০ নভেম্বর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সরকারের বিশেষ অনুমতি ও শুল্ক ছাড়ের সিদ্ধান্তের পর বুধবার প্রথম চালানে দুটি ট্রাকে ৭৭ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করে। পরে আরও একটি ট্রাকে ৩৭ মেট্রিক টন চাল আসার তথ্য নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, কৃষি অধিদপ্তর থেকে মোট ৩২ জন আমদানিকারককে ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি (আইপি) দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় ভারত থেকে চাল আসা শুরু হলো।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশের বাজারে স্বর্ণা-৫ জাতের চাল কেজিপ্রতি ৫০ টাকা এবং সম্পা কাটারি ৭০-৭১ টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানিকৃত চাল বাজারে সরবরাহ বাড়লে কেজিতে অন্তত ৪-৫ টাকা কমার সম্ভাবনা রয়েছে। হিলি কাস্টমস দ্রুততার সঙ্গে আমদানিকৃত চাল খালাসের প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।



মন্তব্য করুন