এক সময়ের আওয়ামী লীগ অধ্যুষিত পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নির্বাচনি প্রেক্ষাপট এবার সম্পূর্ণ ভিন্ন। দলগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবং এবারের নির্বাচনে তাদের কোনো অংশগ্রহণ না থাকায় দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ।

আসন্ন নির্বাচনে এই আসনে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ১০ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের মধ্যে। এছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থীও মাঠের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে দলটির বিশাল ভোটব্যাংক এখন পুরোপুরি ‘ভাসমান’। এই ভোট শেষ পর্যন্ত কার বাক্সে যাবে—বিএনপি না কি ধর্মভিত্তিক দলগুলোর দিকে—তার ওপরই নির্ভর করছে জয়-পরাজয়।

বিএনপির হয়ে মাঠে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন (ধানের শীষ)। তিনি ইতোমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো প্রস্তুত করেছেন। মোশাররফ হোসেন বলেন, ‘পায়রা বন্দর ও কুয়াকাটাকে কেন্দ্র করে উপকূলীয় মানুষের ভাগ্য উন্নয়নে বড় পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’ বিএনপি শিবিরের ধারণা, আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট এবং নিরপেক্ষ ভোটারদের বড় অংশই ধানের শীষকে বেছে নেবে।

তবে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক মোস্তাফিজুর রহমান (হাতপাখা)। সাবেক সংসদ সদস্য ও সাবেক বিএনপি নেতা হওয়ার সুবাদে এলাকায় তার নিজস্ব একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। অন্যদিকে, ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘দেয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে লড়ছেন খেলাফত মজলিসের ডা. জহির উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রার্থী তার সমর্থন প্রত্যাহার করে জোটগতভাবে তাকে সমর্থন দেওয়ায় মাঠ পর্যায়ে জোটের শক্তি বেড়েছে।

পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কুয়াকাটা পর্যটন কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় এই আসনটি দেশের অন্যতম কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচিত। ৩ লাখ ৭ হাজার ৪৭৩ জন ভোটারের এই জনপদে এখন দলীয় মার্কার চেয়ে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ ও উন্নয়ন পরিকল্পনাই ভোটারদের কাছে প্রাধান্য পাচ্ছে।