ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় চরম অস্বস্তিতে পড়েছে বিএনপি। দলীয় মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ হিসেবে নির্বাচনী মাঠে নামায় আরও তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেয় কেন্দ্রীয় বিএনপি। এর ফলে গত এক মাসে জেলায় মোট বহিষ্কৃত নেতার সংখ্যা দাঁড়াল পাঁচে।

সর্বশেষ বহিষ্কৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান ও ইকবাল চৌধুরী এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন। এর আগে গত ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা ও তরুণ দে-কে বহিষ্কার করা হয়েছিল।

দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটগতভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়েছে। কিন্তু বহিষ্কৃত রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে এবং তরুণ দে স্বতন্ত্র হিসেবে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। বিদ্রোহীদের এই অবস্থানের ফলে জোটের প্রার্থীদের জয়লাভের সমীকরণ কঠিন হয়ে পড়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা দলের সিদ্ধান্ত মানবেন না, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক থাকবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতীক বরাদ্দের পর বিদ্রোহীদের দমাতে বিএনপির এই বহিষ্কারের অস্ত্র মাঠ পর্যায়ে কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বহিষ্কৃত নেতাদের অনেকেরই নিজস্ব ভোটব্যাংক রয়েছে, যা মূল প্রার্থীদের ভোট বিভাজনের কারণ হতে পারে। শেষ পর্যন্ত এই বিদ্রোহ সামাল দেওয়া বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।