টানা তিন দফা রেকর্ড বাড়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা সংশোধন দেখা গেছে। তবে বিশ্ববাজারে সামান্য কমলেও স্থানীয় বাজারে এর আগের দিন বাজুসের বাড়ানো দরের প্রভাবে দেশে স্বর্ণের দাম এখন আড়াই লাখ টাকা ছাড়িয়ে ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে বৈশ্বিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীরা আবারও ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের চাহিদা কমেছে। এদিন গ্রিনিচ মান সময় সকাল ১০টা ১৭ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৩ শতাংশ কমে ৪ হাজার ৮২৪ ডলারে নেমে আসে। লেনদেনের এক পর্যায়ে এই দর পতনের হার ছিল প্রায় ১ শতাংশ।
এদিকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২১ জানুয়ারি) স্বর্ণের দাম ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়ানোর ফলে আজ থেকে কার্যকর হওয়া নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় বিক্রি হচ্ছে। দেশের ইতিহাসে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারিত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা। জুয়েলার্স মালিকদের মতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) সংকট ও মূল্যবৃদ্ধির কারণেই বিশ্ববাজারের গতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সমন্বয় করা হয়েছে। তবে ক্রেতাদের ভ্যাট ও মজুরি বাবদ ভরিপ্রতি আরও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।



মন্তব্য করুন