মিয়ানমারে সামরিক জান্তা নিয়ন্ত্রিত সাধারণ নির্বাচনের তৃতীয় তথা শেষ ধাপের ভোটগ্রহণ শেষে নিজেদের জয়ী দাবি করেছে সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। গত রোববার (২৫ জানুয়ারি) ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর দলটির পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ঘোষণা দেওয়া হয়।
ইউএসডিপি’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নির্বাচনে তারা বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের নিয়ে গঠিত এই দলটির বিজয় মূলত দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের ক্ষমতা দীর্ঘায়িত করার একটি কৌশল মাত্র।
উল্লেখ্য, মিয়ানমারের একটি বিশাল অংশ বর্তমানে জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকায় সেসব অঞ্চলে কোনো ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি। ফলে এই নির্বাচন জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
মিয়ানমারের প্রচলিত পদ্ধতি অনুযায়ী, মার্চ মাসে নবনির্বাচিত আইনপ্রণেতাদের নিয়ে পার্লামেন্টের অধিবেশন শুরু হলে সদস্যদের ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। রাজনৈতিক পরিস্থিতির গতিপ্রকৃতি অনুযায়ী, জান্তা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন বলে জোরালো আভাস পাওয়া গেছে।



মন্তব্য করুন