সাবেক প্রেমিকের বিয়ের প্রতিশোধ নিতে তার স্ত্রীর শরীরে এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্ত ইনজেকশনের মাধ্যমে পুশ করার অভিযোগে এক তরুণী ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে ভারতের অন্ধ্রপ্রদেশ পুলিশ। গত ৯ জানুয়ারি কুর্নুল জেলায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযুক্ত তরুণী বোয়া বসুন্ধরা তার সাবেক প্রেমিকের বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে এই পরিকল্পনা করেন। এই কাজে তাকে সহযোগিতা করেন একটি বেসরকারি হাসপাতালের নার্স কোঙ্গে জ্যোতি। জ্যোতি হাসপাতাল থেকে এইচআইভি আক্রান্ত এক ব্যক্তির রক্ত সংগ্রহ করে বসুন্ধরাকে সরবরাহ করেন।
ঘটনার বিবরণে জানা যায়, ৯ জানুয়ারি ভুক্তভোগী নারী স্কুটারে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা সুপরিকল্পিতভাবে তার সামনে এসে গতিরোধ করে একটি কৃত্রিম দুর্ঘটনা ঘটায়। ভুক্তভোগী নারী আহত হলে সাহায্য করার ছলে বসুন্ধরা ও তার সহযোগীরা তার শরীরে এইচআইভি সংক্রামিত রক্ত ইনজেকশন দিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে বিষয়টি তার চিকিৎসক স্বামীকে জানালে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত বসুন্ধরা, নার্স জ্যোতি এবং জ্যোতির দুই সন্তানসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



মন্তব্য করুন