রাশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী ও সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের প্রতারণার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে মোতায়েন করার তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, বেসামরিক কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নেওয়ার পর বলপূর্বক সামরিক চুক্তিতে স্বাক্ষর নেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, অনিচ্ছুক ব্যক্তিদের মারধর, কারাদণ্ড বা মৃত্যুর হুমকি দিয়ে ড্রোন যুদ্ধ কৌশল ও ভারী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিতে বাধ্য করা হচ্ছে।
মাকসুদুর রহমান ও মোহন মিয়াজী নামক দুই ভুক্তভোগী এপি-কে জানান, রুশ ভাষায় লেখা নথিতে স্বাক্ষর নেওয়ার পর তাদের সম্মুখসারিতে রসদ বহন ও আহতদের সরিয়ে নেওয়ার কাজে নিযুক্ত করা হয়। আদেশ অমান্য করায় কারাদণ্ড ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার দাবি করেছেন তারা।
এপির সংগৃহীত ভ্রমণ নথি, সামরিক চুক্তি এবং মেডিকেল প্রতিবেদনে বাংলাদেশি শ্রমিকদের যুদ্ধে অংশগ্রহণের প্রমাণের কথা উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী ও মানবাধিকার কর্মীদের ধারণা অনুযায়ী, রাশিয়া আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে শ্রমিকদের সামরিক লক্ষ্যবস্তু করছে। ইউক্রেন যুদ্ধে ঠিক কতজন বাংলাদেশি বর্তমানে মোতায়েন রয়েছেন, সেই সংখ্যা এখনো অস্পষ্ট।



মন্তব্য করুন