ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। বুধবার (২৮ জানুয়ারি) লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরুর পর এই প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার অধিবেশন শুরু হচ্ছে। প্রথম দিনের কার্যসূচিতে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দুই মেয়াদে পূর্ণ সময় এবং এক মেয়াদে সংক্ষিপ্ত সময়ের জন্য সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন।
বুধবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে পার্লামেন্টের যৌথ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এরপর লোকসভা ও রাজ্যসভার পৃথক অধিবেশনে অন্যান্য প্রয়াত সংসদ সদস্যদের পাশাপাশি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে। রাজ্যসভার কার্য তালিকায় এল গণেশন ও সুরেশ কলমাদির নাম রয়েছে। অন্যদিকে লোকসভায় শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা ও কবীন্দ্র পুরকায়স্থসহ কয়েকজন সাবেক এমপির স্মরণে শোকপ্রস্তাব রাখা হয়েছে।
বাজেট অধিবেশনের প্রথম পর্বে মূলত ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় পর্বে আইন প্রণয়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়গুলো স্থান পাবে।



মন্তব্য করুন