মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বর্ণিল সাজসজ্জা ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন বিদ্যালয় প্রাঙ্গণকে রূপ দেয় এক প্রাণবন্ত উৎসবস্থলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক। সভাপতিত্ব করেন গভর্ণিং বডির সভাপতি ড. এ কে এম রফিকুল হক।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের রঙিন আয়োজন আমাকে মুগ্ধ করেছে। খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম আরও আত্মবিশ্বাসী ও সমৃদ্ধ হবে।”
শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী দর্শকদের করতালিতে মুখর করে তোলে। একই সঙ্গে জানানো হয়, প্রতিষ্ঠানটি এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে—যা সংশ্লিষ্ট সবার জন্য গর্বের বিষয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



মন্তব্য করুন