বিএনপি আমার পরিচয়, আর শরীয়তপুর-৩ আসন হচ্ছে আমার পরিবার, এই পরিবারকে নিয়ে সকল দল মত ভুলে গিয়ে একটি অহিংস ও শান্তিময় শরীয়তপুর গড়ে তুলবো বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

শনিবার বিকেলে গোসাইরহাট উপজেলার নাগেরপারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে নাগেরপারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, তারেক রহমানের ‘আই হ্যাভ প্লান’ এর মধ্যে সিক্রেট প্লান হচ্ছে অবহেলিত শরীয়তপুরকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা।

গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জিল্লুর রহমান দপ্তরীর সভাপতিত্বে ও নাগেরপারা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ফকরুজ্জামান শাহিনের সঞ্চালনায় জনসভায় নাগেরপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।