আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে আইসিসির বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বড় ধরনের ‘ক্রিকেটীয় বিদ্রোহ’ শুরু করেছে পাকিস্তান। ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত আইসিসি নিয়েছে, তার প্রতিবাদে পাকিস্তান সরকার ভারতকে বয়কটের নির্দেশ দিয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা এবং পাকিস্তানকে যথাযথ সম্মান না দেওয়া পর্যন্ত তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না।
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, ‘বাংলাদেশকে টুর্নামেন্টে ফিরিয়ে আনা এবং তাদের নিরাপত্তার উদ্বেগকে গুরুত্ব দিলেই কেবল পাকিস্তান ১৫ ফেব্রুয়ারির হাই-ভোল্টেজ ম্যাচটি খেলবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতি কেবল ক্রিকেট বোর্ডের নয়, বরং সরাসরি পাকিস্তান সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। লতিফের মতে, আইসিসি যদি আলোচনার মাধ্যমে সমাধান চায়, তবে পিসিবিকে নয় বরং সরাসরি সরকারকে চিঠি দেওয়া উচিত।
ইউটিউব চ্যানেল ‘কাট বিহাইন্ড’-এ লতিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এই বয়কটের কারণে আইসিসি পাকিস্তানকে নিষিদ্ধ করে, তবে আমরা বাংলাদেশ ও পাকিস্তান মিলে নিজেদের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্ট আয়োজন করব।’
উল্লেখ্য, নিরাপত্তার অজুহাতে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করে। এর প্রতিবাদে পাকিস্তান বিশ্বকাপ খেললেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জনের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে আইসিসি ও ব্রডকাস্টারদের প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকার (৫০-৬০ মিলিয়ন ডলার) আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।



মন্তব্য করুন