?ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে কক্সবাজারের উখিয়ায় স্থানীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে। পালংখালী ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে থাইংখালী বাজারে এক নির্বাচনী জনসভায় তারা জামায়াত মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারীর হাতে ফুল দিয়ে নতুন দলে অন্তর্ভুক্ত হন।
যোগদানকারীদের মধ্যে পালংখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল হক ভুলু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোস্তফা আহমেদ এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছৈয়দসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা রয়েছেন। দলত্যাগী এসব নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার ‘হয়রানি’ ও এলাকায় ‘মিথ্যা মামলার’ চাপে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। বিশেষ করে পালংখালী ইউনিয়নে দলীয় কোন্দল ও চাপের মুখে সাধারণ কর্মীদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ছিল।
অনুষ্ঠানে কক্সবাজার-৪ আসনের প্রার্থী ও জেলা জামায়াত আমির নুর আহমদ আনোয়ারী বলেন, মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলনই হলো এই যোগদান। তিনি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী এই ঘটনাকে ‘হয়রানিমুক্ত রাজনীতির প্রত্যাশা’ হিসেবে বর্ণনা করেছেন।
তবে এই গণ-যোগদানকে বিএনপির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এক ভিডিও বার্তায় দাবি করেছেন, যারা জামায়াতে যোগ দিয়েছেন তারা বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী নন। নির্বাচনের আগে ভোটারদের বিভ্রান্ত করতেই এই নাটক সাজানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।



মন্তব্য করুন