আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক মানচিত্রে এক অভাবনীয় পরিবর্তনের চিত্র উঠে এসেছে। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের যৌথ জরিপ অনুযায়ী, সাবেক আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশই এখন বিএনপিকে সমর্থন করছেন। এছাড়া প্রায় ৩৭ দশমিক ৪ শতাংশ ভোটারের পছন্দ জামায়াতে ইসলামী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘আনকাভারিং দ্য পাবলিক পালস’ শীর্ষক এই জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশের ১১ হাজার ৩৮ জন ভোটারের ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৯২ শতাংশ মানুষ ভোট দিতে উন্মুখ হলেও তাদের মনে দানা বেঁধেছে গভীর শঙ্কা। ভোটারদের একটি বড় অংশই ভোট কারচুপি, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যালট বক্স ছিনতাইয়ের আশঙ্কায় রয়েছেন।
জরিপের তথ্যমতে, এবার ভোটের লড়াইয়ে ধর্মের চেয়ে ‘দুর্নীতি’ বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার দুর্নীতিবিরোধী অবস্থানকে প্রাধান্য দিচ্ছেন, যেখানে ধর্মীয় ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন ৩৫ দশমিক ৯ শতাংশ। নেতৃত্বের ক্ষেত্রে ভোটাররা ব্যক্তিগত ক্যারিশমার চেয়ে জবাবদিহিতা ও সহমর্মিতাকে বেশি প্রাধান্য দিচ্ছেন।
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও ভোটারদের মনস্তত্বে বদল এসেছে। প্রায় ৩০ দশমিক ২ শতাংশ ভোটার জানিয়েছেন তারা কেবল প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতার ওপর ভিত্তি করে ভোট দেবেন। অন্যদিকে ৩৩ দশমিক ২ শতাংশ ভোটার প্রার্থী ও দল—উভয়কেই বিবেচনায় রাখবেন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রথাগত টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মিডিয়ার মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের শেষ দিকে দুই ধাপে সংগৃহীত এই তথ্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।



মন্তব্য করুন