নির্বাচনী পথসভায় আসা সমর্থকদের জন্য ‘খিচুড়ি ভোজের’ আয়োজন করে বিপাকে পড়েছেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ী গ্রামের এক নেতার বাড়িতে তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্না এবং আরও দুটি পাতিলে রান্নার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে অনুসন্ধান কমিটির সদস্যরা সেখানে পৌঁছালে রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে তদন্তে জানা যায়, ওই স্থানে আব্দুল বারীর একটি পথসভা হওয়ার কথা ছিল এবং আগতদের আপ্যায়নের জন্যই এই খাবারের আয়োজন করা হয়।
ঘটনাটি ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’-এর অনুচ্ছেদ ৭৩(ক) এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করেছে কমিটি। জব্দ করা তিন পাতিল খিচুড়ি ও রান্নার উপকরণ তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। আব্দুল বারীকে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে আব্দুল বারী সংবাদমাধ্যমকে বলেন, “আমি এই রান্নার বিষয়ে মোটেও অবগত ছিলাম না। সম্ভবত আমাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার জন্য কেউ উদ্দেশ্যমূলকভাবে এটি করেছে। আমি সময়মতো নোটিশের জবাব দেব।”



মন্তব্য করুন