উপমহাদেশের প্রখ্যাত নাক-কান-গলা বিশেষজ্ঞ ও বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের ভারতে চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক শুরু হয়েছে। সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি এই ঘটনাকে দেশের জন্য এক বড় ধরনের ক্ষতি এবং ‘মেধা পাচার’ হিসেবে অভিহিত করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রনি দাবি করেন, ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) সম্প্রতি ডা. প্রাণ গোপালকে সে দেশে ডাক্তারি করার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গত ৫০ বছরে রাষ্ট্র যে মেধা তৈরি করেছে, তা কোনো বিনিময় ছাড়াই ভারত নিয়ে নিয়েছে।
রনি তার লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংগীতশিল্পী রুনা লায়লার একটি ঐতিহাসিক গল্পের অবতারণা করেন। তিনি উল্লেখ করেন, এক সময় রুনা লায়লাকে পাওয়ার বিনিময়ে ভারত ফারাক্কার পানিবণ্টন নিয়ে প্রস্তাব দিলেও বঙ্গবন্ধু তা নাকচ করেছিলেন। সেই উদাহরণের রেশ ধরে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, ২০২৬ সালে এসে দেশ সাকিব আল হাসান বা ডা. প্রাণ গোপাল দত্তের মতো মেধাবীদের ধরে রাখতে ব্যর্থ হচ্ছে।
এই রাজনৈতিক বিশ্লেষকের মতে, ১৯৭১ সালে যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও পাকিস্তান থেকে মেধাবীদের ফিরিয়ে এনে দেশ গড়ায় কাজে লাগানো হয়েছিল। অথচ বর্তমান সময়ে দেশের শ্রেষ্ঠ সন্তানরা কেন দেশ ছাড়ছেন বা অন্য রাষ্ট্রের সম্পদে পরিণত হচ্ছেন, সেই দায়ভার কার—তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনা দেশের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ ও জাতীয় মেধা সংরক্ষণের নীতি নিয়ে নীতিনির্ধারক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



মন্তব্য করুন